বিশ্বসেরা উদ্ভাবনী প্রতিষ্ঠান তালিকার প্রথম সারিতে হুয়াওয়ে
বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি) সম্প্রতি চলতি বছরের সেরা ৫০টি উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ৪২ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।
বোস্টন কনসাল্টিং গ্রুপ প্রকাশিত নতুন এ প্রতিবেদনে অ্যাপল, অ্যালফাবেট, অ্যামাজন, মাইক্রোসফট ও হুয়াওয়ে তালিকার প্রথম ছয়টি স্থানে রয়েছে এবং এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে আলিবাবা, আইবিএম, সনি ও ফেসবুক।
নতুন এ র্যাংকিং তৈরিতে উদ্ভাবন সংশ্লিষ্ট আড়াই হাজারের বেশি নির্বাহীর মধ্যে জরিপ পরিচালনা করা হয় এবং চারটি মানদণ্ডের নিরিখে প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করা হয়।
তথ্যমতে, হুয়াওয়ের বার্ষিক রাজস্বের ১০ শতাংশেরও বেশি গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) ব্যয় করে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির আরঅ্যান্ডডি বাবদ সর্বমোট খরচ হয়েছে ১৩১,৬৫৯ মিলিয়ন চীনা ইউয়ান, যা প্রতিষ্ঠানটির সর্বমোট রাজস্বের ১৫.৩ শতাংশ। অপরদিকে ফাইভজি প্রযুক্তি নিয়ে হুয়াওয়ে গত দশকে চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক এ প্রযুক্তি প্রতিষ্ঠান নিজের উদ্ভাবন ১.০ মডেলকে উদ্ভাবন ২.০ এ সংস্করণ করছে এবং কোভিড-১৯ সময়ে এআই, রিমোট অফিস, স্মার্ট হেলথকেয়ার ও অনলাইন শিক্ষা চালু রাখতে সহায়তা করছে।